ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তেই তিনি এই পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন।
ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল। তবে তিনি জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাকে এই হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।
ট্রাম্পের ভাষ্যমতে, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে। বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন বলে জানান। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে। এছাড়া ট্রাম্প দাবি করেছেন যে, ইসরায়েলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।

