চুক্তির আশায় ইরানে সামরিক হামলা বাতিল করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প তার বার্তায় লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে তিনি সামরিক হামলা বাতিলের বিষয়ে একমত হয়েছেন। তবে এই সিদ্ধান্তটি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল যে, চলতি সপ্তাহের শেষ নাগাদ ইরানের ওপর নতুন করে বড় ধরনের জোরালো সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই নতুন বার্তার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।

এদিকে ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপকে উত্তেজনা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে আগেই অভিযুক্ত করেছিল তেহরান। ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা মধ্যপ্রাচ্যের যেকোনো আঞ্চলিক দেশ ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত’ হবে।

পরিস্থিতি জটিল হতে থাকায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। অঞ্চলটিতে সংঘাত ও উত্তেজনা আরো বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে দেশ ছাড়ার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh