রাজধানীর চারপাশের চক্রাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার এই প্রকল্পটি সরকারি ব্যবস্থাপনার পরিবর্তে বেসরকারি খাতের অংশগ্রহণে বাস্তবায়ন করা হবে। রবিবার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চলাচল শুরু হবে। তিনি বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নৌপথের কিছু অংশ যাত্রীবান্ধব হলেও পুরো পথে এখনো বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে সড়কপথে যেখানে গন্তব্যে পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে, সেখানে নদীপথে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগায় যাত্রীরা এই পথে ভ্রমণে আগ্রহী হন না, যার ফলে যাত্রী সংকটের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসি অতীতে ওয়াটার বাস পরিচালনা করলেও যাত্রী স্বল্পতা, নদীদূষণ এবং অতিরিক্ত পরিচালন ব্যয়ের কারণে গত ১০ বছরে সংস্থাটির প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। এই লোকসানের কারণেই মূলত সেবাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। মন্ত্রী উল্লেখ করেন, এবার বেসরকারি উদ্যোক্তারা শুধু যাত্রী পরিবহন নয়, বরং নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের সম্ভাবনাকে কাজে লাগাতে আগ্রহী।
মন্ত্রী আরও বলেন, যাত্রীসেবা জনপ্রিয় করার জন্য ১৫ থেকে ২০ মিনিট পরপর ওয়াটার বাস চালানো প্রয়োজন। তবে বেশি নৌযান পরিচালনা করলে ব্যয় বৃদ্ধির ঝুঁকি থাকে। এছাড়া নদীদূষণ দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নদীর পরিবেশ মনোরম না হলে মানুষ ভ্রমণে আগ্রহী হবে না। তাই নদী পরিষ্কার রাখা ও দুই তীরের পরিবেশ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিচু সেতুর বিষয়ে মন্ত্রী জানান, টঙ্গীর রেলসেতুসহ কিছু সেতুর নিচ দিয়ে ওয়াটার বাস চলাচল সম্ভব নয়। রেলসেতু উঁচু করা বাস্তবসম্মত না হওয়ায় যাত্রীদের এক পাশ থেকে নেমে অন্য পাশে গিয়ে পুনরায় নৌযানে ওঠার ব্যবস্থা রাখার কথা ভাবা হচ্ছে। আপাতত এই প্রকল্পের জন্য আলাদা কোনো বাজেট নেই, তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করবে এবং পরবর্তীতে প্রয়োজনে বাজেট বরাদ্দ দেওয়া হবে।

